Home আন্তর্জাতিকগাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো, যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হামলা

গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো, যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হামলা

by Akash
০ comments

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই নিহতের সংখ্যা উল্লেখ করেছেন। একইসঙ্গে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার এবং অজ্ঞাত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার ফলে সাম্প্রতিক সময়ে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া আরও ২৮৪ জনের নাম নিহতের তালিকায় যুক্ত হয়েছে। এছাড়াও, মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ২৪১ জন নিহত হয়েছেন। গত ৩ দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৯টি মরদেহ এবং সাম্প্রতিক হামলায় নিহত আরও একজনসহ ১০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো বহু ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে মরদেহ বিনিময় অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েল গাজার হাসপাতালে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করে। এর আগের দিন হামাস এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়। চুক্তিতে উল্লেখ আছে যে, মরদেহ ফেরত দেওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মূল অংশ, যেখানে হামাসকে দ্রুততম সময়ে সব জিম্মির মরদেহ ফেরত দিতে হবে।

যদিও প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি চলছে, তবুও গাজায় ধ্বংসস্তূপে অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে। সীমিত সরঞ্জাম, জ্বালানি সংকট ও চলমান অবরোধের কারণে উদ্ধারকর্মীরা ধীরে ধীরে মরদেহ উদ্ধার করছেন।

জানা গেছে, একই দিনে পশ্চিম তীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন মাত্রা ছাড়িয়েছে।

You may also like

Leave a Comment