ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্য পূরণের জন্য মাঠ দপ্তরগুলোতে কাজ গোছাতে ইসি বদলি কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, এর আগেও নির্বাচন কমিশন শতাধিক কর্মকর্তাকে একযোগে বদলি করেছে।