বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
৫ আগস্টের আগে পুলিশ নিহতের বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল ছিল শূন্যের কোটায়। পুলিশ জনবিচ্ছিন্ন হয়েছিল। এটা হয়েছিল কিছু মানুষের ভুল নেতৃত্বের কারণে। সেই জায়গা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।’
আইজিপি আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তার সঙ্গে পুলিশের অন্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
