আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দুই মাস আগে, অর্থাৎ আসছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এবার সব মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের ৩১টি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকে ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
যে ৩১ মন্ত্রণালয় ও সংস্থা থাকবে বৈঠকে: মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সমন্বয় ও সংস্কার দপ্তর, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় (রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এছাড়া আরও উপস্থিত থাকবেন—বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, ডাক অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সচিব এবং কারা মহাপরিদর্শক।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা, নির্বাচন সামগ্রী পরিবহন, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের সমন্বয়-সংক্রান্ত বিষয়গুলো বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।