Home রাজনীতি১৯ প্রার্থীর মধ্যে ১৩ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী

১৯ প্রার্থীর মধ্যে ১৩ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী

by Akash
০ comments

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ১৯ জন বৈধ প্রার্থীর মধ্যে ১৩ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী। তাদের মধ্যে দুজন পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন। উচ্চ ডিগ্রিধারী হয়েও অধিকাংশের পেশা ব্যবসা। একজন মাত্র আইনজীবী, একজন চিকিৎসক, ২ জন শিক্ষক, একজন ইমাম রয়েছেন। কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসির নিচে নেই। প্রার্থীদের দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। জেলার আসনগুলোতে মোট ২৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। হবিগঞ্জ-১ ( নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া ডিফিল ডিগ্রিধারী। জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মিয়া এমএ। বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম দাওয়ারে হাদিস এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. বদরুর রেজা কামিল পাস। এ আসনে অপর স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বিলেত থেকে সেকেন্ডারি এডুকেশন সমাপ্ত করেছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান এমবিবিএস ও ডিসিএম ডিগ্রিধারী। খেলাফত মজলিসের আব্দুল বাসিত আজাদ দাওরায়ে হাদিস। অপর প্রার্থী জাতীয় পার্টির আব্দুল মুক্তাদির চৌধুরী এইচএসসি পাস।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমদ কামিল পাস। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমদ এমকম, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী বিএ, এলএলবি। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জিকে গউছ বিএ ডিগ্রিধারী। এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার ডিএইচএমএস ডিগ্রিধারী।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আহমদ আব্দুল কাদের এমএসএস ও পিএইচডি ডিগ্রিধারী। বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল এমএ, এলএলবি। গিয়াস উদ্দিন আহমেদ (তাহেরী) কামিল এবং মো. রেজাউল মোস্তফা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এ আসনে অপর প্রার্থী মো. মুজিবুর রহমান এইচএসসি পাস।

তাহেরীর স্ত্রীর নামে সম্পদ নেই : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে তাহেরীর স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর কোনো সম্পদ নেই। অস্থাবর সম্পত্তির মধ্যে দেখানো ৩১ ভরি স্বর্ণও তার (তাহেরী) নিজ নামে। ইসলামী বক্তা হিসেবে সুপরিচিত হলেও এর থেকে তার কোনো আয় নেই। তার পেশা ব্যবসা। নির্বাচনী হলফনামা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। তাহেরীর নিজ বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজলোর ভাজরা গ্রামে। তিনি বিয়ে করেছেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে। তিনি তার শ^শুরবাড়ির নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪ ( চুনারুঘাটÑমাধবপুর) থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অস্থাবর সম্পত্তি হিসেবে তাহেরীর হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২শ ৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬শ ৬টাকা, ৩১ ভরি স্বর্ণ (মূল্য ৬ লাখ টাকা) ও ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে। তার স্ত্রী ও নির্ভরশীলদের কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি নেই। তার বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বি.বাড়িয়ায় তিনটি ফৌজদারি মামলা চলমান আছে।

You may also like

Leave a Comment