হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, জীবন রক্ষাকারী ও নিষিদ্ধ ওষুধ এবং নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্য ও পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
সোমবার (২৩ মার্চ) ও মঙ্গলবার (২৪ মার্চ) হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া বিওপির একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশের খাদে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে, মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিজিবি। চালক সারের বস্তার নিচে সুকৌশলে লুকিয়ে রাখা নিষিদ্ধ ব্যথানাশক, চেতনানাশক ওষুধ এবং রঙ ফর্সাকারী অবৈধ কসমেটিকস পাচার করছিল। এছাড়া একই স্থান থেকে অপর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরার বড় একটি চালান জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
