জুলাই আন্দোলনে ঢাকার শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া একই আন্দোলনে মহাখালী ফ্লাইওভারের নিচে গুলিতে কারখানার কর্মী মো. শাহজাহান হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া এ আদেশ দিয়েছেন।
দীপঙ্কর তালুকদারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। আর কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন বনানী থানার এসআই ইয়াছির আরাফাত। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামি দীপঙ্কর তালুকদারের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের ও কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মনির হত্যা মামলার অভিযোগ, সরকার পতনের দিন, ২০২৪ সালের ৫ অগাস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শাহজাহান হত্যা মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাইশাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে মিছিলে অংশ নেন। সে সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করেন। শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান শাহজাহান। এ ঘটনার পর ওই বছরের ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আওয়ামী সরকারের পতনের পর ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি কার্যালয়ে নিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই রাতেই তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। তার অসুস্থতার বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশ। সুস্থ হওয়ার পর ২২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হয়। আদালত পল্টন থানার এক মামলায় কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
