Home সারাদেশস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

by Akash
০ comments

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।

জাতীয় ছাত্রশক্তির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জনবিপ্লবকে ব্যর্থ করতেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

সংগঠনটির নেতা আবু বাকের মজুমদার বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করছি। আমাদের উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি করা নয়, বরং ন্যায়ের পক্ষে জনমত গড়ে তোলা। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট সড়কে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় আটজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, পাশাপাশি অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক এবং আরও একজন নারী।

You may also like

Leave a Comment