শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার প্রায় ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ দেড়শ বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুফি সাধক জান শরীফ শাহ সুরেশ্বরী এই দরবার প্রতিষ্ঠা করেন এবং ১৯২৮ সাল থেকে তার অনুসারীরা এই প্রথা অনুসরণ করে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ বিভিন্ন এলাকার প্রায় ৪০ হাজার মুসল্লি এই ঈদ উদযাপনে অংশ নেবেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফের নির্ধারিত মাঠে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।
বংশপরম্পরায় এই রীতি পালন করে আসা ভক্তরা জানান, পৃথিবীতে চাঁদ একটি হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই তারা ঈদ পালন করেন। ঈদকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবং দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে জামাতসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পীর সৈয়দ বেলাল নূরী এই উপলক্ষে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
