আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে জনসভা উপলক্ষে আজ ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দেন তারা।এর আগে গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে, ত্রিপলে শুয়ে–বসে অনেক নেতাকর্মী রাত কাটিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন:সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সরেজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।
