Home সারাদেশসিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

by thedeshbangla
০ comments

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেয়ে ওসি মো. আব্দুল হান্নান ছদ্মবেশে ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি অভিযুক্ত ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) আটক করেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় জাকির হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ওসি মো. আব্দুল হান্নান জানান, ওই ব্যবসায়ী প্রতি লিটার অকটেন ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন। ক্রেতা সেজে যাচাই করতে গিয়ে তার কাছেও একই দাম চাওয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ করলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেন ওসি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।

You may also like

Leave a Comment