Home সারাদেশসন্তানের লাশ নিয়ে মায়ের মানববন্ধন: ঘাতক প্রেমিকের ফাঁসির দাবি

সন্তানের লাশ নিয়ে মায়ের মানববন্ধন: ঘাতক প্রেমিকের ফাঁসির দাবি

by thedeshbangla
০ comments

ঝালকাঠিতে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তানের লাশ নিয়ে বিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এক আর্তনাদকারী মা। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এই হৃদয়বিদারক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু জেসমিনের মৃত্যুর জন্য তার জন্মদাতা পিতা ও লিয়া মনির প্রেমিক হৃদয় বেপারীকে দায়ী করে তার ফাঁসির দাবি জানান স্বজনরা।

মানববন্ধনে লিয়া মনি ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারীর সঙ্গে লিয়া মনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে লিয়া মনি অন্তঃসত্ত্বা হলে গত বছরের ১৬ ফেব্রুয়ারি বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জেসমিনের জন্ম হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বিয়ের প্রতিশ্রুতি দিলেও ১৯ ফেব্রুয়ারি কৌশলে নবজাতকটিকে ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান হৃদয়। পরবর্তীতে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা শেষে গত ৯ মার্চ অসুস্থ অবস্থায় শিশুটিকে নিজ জিম্মায় আনে লিয়া মনির পরিবার। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু জেসমিনের মৃত্যু হয়।

এই ঘটনায় লিয়া মনি বাদী হয়ে গত ৯ মার্চ রাতে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত হৃদয় পলাতক থাকলেও তার বাবা আবুল বেপারী ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment