১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেওয়া অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
সোমবার আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রানাতুঙ্গার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তেল ক্রয়ের চুক্তি প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, নিয়ম পরিবর্তন এবং অতিরিক্ত ব্যয়ের অভিযোগে তার পাশাপাশি তার ভাইয়ের বিরুদ্ধেও মামলা রয়েছে।
দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে, মোট ২৭ দফা তেল ক্রয়ের মাধ্যমে শ্রীলঙ্কা সরকারের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে। ঘুষ বা দুর্নীতি তদন্ত কমিশন (CIABOC) জানায়, এসব ক্রয় কার্যক্রম ২০১৭ সালে সম্পন্ন হয়।
তদন্ত কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গদা বোদারাগামাকে অবহিত করেছে যে, অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হবে।
এদিকে, সাবেক পেট্রোলিয়াম মন্ত্রীর ভাই ও তৎকালীন সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (CPC) চেয়ারম্যান ধামিকা রানাতুঙ্গাকে সোমবার গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হলেও তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। উল্লেখ্য, ধামিকা রানাতুঙ্গার শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, রানাতুঙ্গার আরেক ভাই ও সাবেক পর্যটন মন্ত্রী প্রসন্না রানাতুঙ্গাকে গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। যদিও মামলাটি বর্তমানে স্থগিত রয়েছে, তবে ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়ে। ক্রিকেট মাঠে জাতির গর্ব হয়ে ওঠা এই বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
