Home রাজনীতিশেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সহায়তা চাওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা 

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সহায়তা চাওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা 

by Akash
০ comments

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিউ দিল্লির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, “এমন সংবেদনশীল বিষয় দ্রুত সমাধান হয় না। ভারত কী সিদ্ধান্ত নেয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত শুধু জানা গেছে—ভারত বিষয়টি পর্যালোচনা করছে।”

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, “তিনি কবে ফিরবেন—সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে জেনেছি।”

বেগম জিয়ার লন্ডনে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আজ তাকে নেওয়া হচ্ছে না, কারণ বিমানটিতে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে।”

মিয়ানমারের আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়, তাই তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই। তবে এটি জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় হওয়ায় গভীরভাবে দেখা হচ্ছে। সব তথ্য প্রকাশ করা না গেলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা কমে—সেই লক্ষ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

চীনের অর্থায়নে আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়ে তিনি জানান, “ঢাকায় করার কথা থাকলেও হাসপাতালটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত ও ভুটান থেকেও রোগীরা যেন চিকিৎসা নিতে পারেন—এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে।”

উপদেষ্টা বলেন, রংপুরে শিল্প-কারখানা কম থাকায় কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, “দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে তুলে দিতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যে দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন। সব রিফর্ম আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয়—এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ভবিষ্যতের নেতৃত্ব যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারে—সরকার সেই চেষ্টাই করছে।”

চার দিনের সফরে রংপুরে এসে তিনি বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শন করছেন। শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শনের কথা রয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।

You may also like

Leave a Comment