জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে “আন্ডারে নেওয়া” সংক্রান্ত মন্তব্য নিয়ে সমালোচনার মধ্যেই তার নতুন ভিডিও ছড়িয়ে পড়ায় চট্টগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার।”
তিনি আরও বলেন, “আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আল্লাহ আমার জন্য সূর্য দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।”
চট্টগ্রাম জামায়াতের বেশ কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে তিনি এ বক্তব্য দেন। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
বক্তব্যে তিনি আরও বলেন, “চুদুর বুদুর করিও না। লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি… টাকাপয়সা চাই নাই। আপনাদের দুয়ারে এসেছি।”
স্থানীয়দের উদ্দেশে শাহজাহান বলেন, চরতি ইউনিয়নের প্রতি তার বিশেষ শ্রদ্ধা আছে এবং এখানে “রাজনীতি বা অন্যান্য মার্কা নেই”, সাতকানিয়া–লোহাগাড়ার “একটাই মার্কা—দাঁড়িপাল্লা।”
এর আগে ২২ নভেম্বর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে এক বক্তব্যে তিনি বলেন, “প্রশাসনে যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে… আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নতুন ভিডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে দলীয় নেতারাও।