র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
শনিবার (২৮ মার্চ) সংস্থাটির ১২তম মহাপরিচালক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে সংস্থাটির শীর্ষ নেতৃত্বে নতুন পরিবর্তনের সূচনা হলো।
অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। রাজশাহী সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি দীর্ঘ বর্ণিল কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এছাড়া পিবিআই সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
পেশাগত জীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম কুড়িয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী এই কর্মকর্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উন্নত পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
নবনিযুক্ত এই মহাপরিচালকের নেতৃত্বে র্যাবের আভিযানিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
