জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে অনায়াসে জালে পাঠালেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে দৌড়ে গিয়ে চিরচেনা ‘সিউউউ’ উদযাপন—ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে এলো, গোল নম্বর ৯৬০। হাজার গোলের স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে বুধবার দামাকের মাঠে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে আল নাস্রের দ্বিতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী রোনালদো। ম্যাচের পঞ্চম মিনিটে আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাস্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬৮তম মিনিটে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত সমতায় ফেরার সুযোগ পায়নি স্বাগতিক দামাক।
এই গোলের মাধ্যমে আল নাস্রের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১১৬-এ। মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫) ছাড়িয়ে সৌদি ক্লাবটির ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড় এখন তিনি।
আল নাস্রের হয়ে দেশি-বিদেশি মিলিয়ে রোনালদোর ওপরে আছেন কেবল দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৭৯ ম্যাচে ১৩১ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মাদ আল সাহলাউই। আর ১৯৭৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ২৬৬ ম্যাচে ২৫৯ গোল করে শীর্ষে রয়েছেন সৌদি কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার। ১৫ ম্যাচে ১৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।
লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে টানা দ্বিতীয় জয় পেল আল নাস্র। মৌসুমের শুরুতে ইতিহাস গড়ে প্রথম ১০ ম্যাচে টানা জয় পেলেও এরপর হোঁচট খায় দলটি—এক ম্যাচ ড্রয়ের পর টানা তিন ম্যাচে হেরে শীর্ষস্থান হারায় তারা।
বর্তমানে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাস্র। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে আল আহলি। একটি ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।
