রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পাংশা মৈশালা বাসস্ট্যান্ডের পশ্চিমে গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অন্তত ৩৩ জন আহত হন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতরা পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইনের যাত্রীবাহী বাস মৈশালা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌছালে রাস্তা কাঁদা মাটি থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসে থাকা সব যাত্রীই আহত হন।
যাত্রী আলম হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে উঠেছি। বাসে আমাদের সঙ্গে থাকা যাত্রীরা সবাই কমবেশি আহত হয়েছেন।’

পাংশা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডাক্তার সোহানা আফরোজ বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন রোগী এসেছিলেন। তবে, প্রাথমিক চিকিৎসা শেষ তারা চলে গেছেন।’
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘এ সংবাদে আমরা ঘটনাস্থলে আসছি। গাড়িটির ব্যাপক ক্ষতি হলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি।’
