মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ ব্যবধানে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ঘানা। রবিবার আক্রায় অনুষ্ঠিত গ্রুপ আই-এর এই ম্যাচে জয়লাভের মাধ্যমে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়ার পর আফ্রিকার পঞ্চম দল হিসেবে ঘানা বিশ্বকাপ নিশ্চিত করল।
৪০ হাজার দর্শকে পরিপূর্ণ ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ঘানা। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও ধীরগতির ও অনুমিত আক্রমণের কারণে কোমোরোস গোলরক্ষক আদেল আনজিমাতি-আবুদুর খুব একটা বিপদ হয়নি।
তবে বিরতির পর মাঠে ফিরেই স্বাগতিকরা গোলের দেখা পায়। ম্যাচের ৪৭ মিনিটে টটেনহ্যামের মিডফিল্ডার মোহাম্মেদ কুদুসের গোলে এগিয়ে যায় ঘানা। গোলমুখে কোমোরোস রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে কুদুস নিচু ক্রসে ছয় গজ দূর থেকে বল জালে ঠেলে দেন।
এই জয় ঘানার জন্য ছিল বাড়তি স্বস্তির, কারণ ২০২২ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কোমোরোসই তাদের অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়েছিল।
১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এর শীর্ষে থেকে ঘানা বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মাদাগাস্কার।
এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঘানাকে দেখা যাবে। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে উঠলেও পেনাল্টি শুটআউটে উরুগুয়ের কাছে হেরে যায়।