বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই সেটি ঢাকায় আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান এনামুল হক চৌধুরী। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
এনামুল হক চৌধুরী বলেন, ‘‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে।’’
তিনি নিশ্চিত করেন, জার্মানি থেকে আসা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি কাতার কর্তৃপক্ষই ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ, সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে।
চিকিৎসক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আগের মতোই আছে। তবে তিনি এখনো বিমান ভ্রমণের উপযোগী শারীরিক সক্ষমতা ফিরে পাননি, যে কারণে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
জানা গেছে, বোর্ডের সদস্যরা গত দুদিনে করা কিছু পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করছেন এবং শুক্রবার দুই দফায় বৈঠক করেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছেন। উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও গতকাল লন্ডন থেকে ঢাকায় এসেছেন।