চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় তাদের হাতেনাতে ধরা হয়।
অভিযানে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দ করা সিমেন্ট, সংশ্লিষ্ট ফিশিং বোট ও কার্গো বোট এবং আটক চার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
