দীর্ঘ পঁচিশ বছরের সংগীত ক্যারিয়ারে শ্রোতাদের মন জয় করার পর, গত সেপ্টেম্বরে সংগীত থেকে ধাপে ধাপে সরে আসার ঘোষণা দিয়ে ভক্তদের হৃদয় ভেঙে দেন সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরকে নিজের শেষ ট্যুর হিসেবে ঘোষণা করার পর, ঢাকায় ফিরে একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে পারফর্ম করেন এই গায়ক। এই পারফর্মেন্সই কি তবে তার শেষ মঞ্চ— এমন প্রশ্ন যখন ভক্তদের মনে, তখন নিজের সিদ্ধান্ত এবং এর পেছনের ভাবনা ব্যাখ্যা করলেন তাহসান।
রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়ে সেই চিরচেনা রূপেই মঞ্চে দেখা যায় তাহসানকে। কখনও বসে পিয়ানো বাজিয়ে, আবার কখনও হাতে মাইক নিয়ে ‘টিম তাহসান’-এর সঙ্গে গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করেন। সেই প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রিত ছিলেন এই গায়ক।
পারফর্ম শেষে বক্তৃতায় উপস্থাপক তাহসানকে প্রশ্ন করেন, “আপনি ঘোষণা করেছেন যে আপনি গান থেকে সরে আসছেন। এটা কি সত্যি, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? আপনার ভক্তরা এতে নিশ্চিতভাবে হৃদয় ভেঙেছেন। আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান?”
জবাবে তাহসান তার সংগীত ছাড়ার সিদ্ধান্তের পেছনের মূল ভাবনা ব্যাখ্যা করেন। শুরুতে তিনি মঞ্চে সতর্ক হয়ে কথা বলার কারণ জানিয়ে বলেন, “মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কী বলছি।”
তবে মূল কারণ হিসেবে তাহসান একটি দীর্ঘ পুরনো অনুপ্রেরণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বহু বছর আগে তার ভাই তাকে বলেছিলেন, সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। যখন তিনি লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছিলেন, তখন ভাই তাকে ঝুঁকি নিতে নিষেধ করেন।
তাহসান তার ভাইয়ের কথাকে অনুপ্রেরণা হিসেবে নেন। তিনি বলেন, “আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে, কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’ এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।”
সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে গায়ক আরও বলেন: “আমার মনে হয়েছে যে আমি ততটুকু সময়ই কাজ করব যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাবো।”
অন্যান্য পেশায় অবসর (রিটায়ারমেন্ট) আসলেও এই পেশায় একটা সময় মানুষ শিল্পীকে ভুলে যায়। সেই ‘ভুলে যাওয়ার ক্ষতটার’ চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার বলে মনে করেন এই জনপ্রিয় গায়ক।
