দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশনা পালনে কোনো ধরনের ব্যত্যয় বা শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল এতে সই করেছেন।
পরিপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপনের উল্লেখ করে জানানো হয়, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এবং ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া নির্বাচনি পরীক্ষা ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
আদেশে সতর্ক করে বলা হয়, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো শিক্ষক বা কর্মকর্তার পক্ষ থেকে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।