ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মার্কিন অভিযানের ঘটনাটি ওই অঞ্চলের ওপর ‘উদ্বেগজনক প্রভাব’ ফেলবে বলে আশঙ্কা করছেন গুতেরেস।তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলার ঘটনা একটি ‘‘বিপজ্জনক নজির’’ সৃষ্টি করতে পারে।’
জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক সকল আইনের প্রতি সবাইকে পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব। জাতিসংঘের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনগুলোকে সম্মান করা হয়নি।
মানবাধিকার ও আইনের শাসনে শ্রদ্ধা রেখে সব পক্ষকে নিয়ে সংলাপে বসার জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। অন্যদিকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদেরকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।
বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়।সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দীশিবিরে পাঠানো হয়।
তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।
