Home সারাদেশভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬

ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬

by Akash
০ comments

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসচাপায় অটোরিকশাযাত্রী দুই নারী, এক শিশু ও এক পুরুষসহ চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গণেশ চন্দ্র সাহা জানান, এখন পর্যন্ত দুই নারী, এক পুরুষ ও এক শিশুসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই জমিতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শোনেন তারা। দৌড়ে গিয়ে দেখে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে পিষে দিয়েছে। ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী প্রাণ হারান, আহতরা রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে ছিটকে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন।

হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল মিয়া বলেন, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী অটোরিকশাটি পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস চাপা দেয়। ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

You may also like

Leave a Comment