মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির তার বক্তব্য বিকৃত করার অভিযোগে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মামলাটি ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি প্রতিটি অভিযোগের জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের আইনি দল অভিযোগ করেছেন যে বিবিসি ইচ্ছাকৃতভাবে ‘বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলকভাবে’ তার বক্তব্য সম্পাদনা করে তাকে হেয় করেছে।
এর আগে নভেম্বর মাসে বিবিসি ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল, তবে কোনো ক্ষতিপূরণ দিতে তারা রাজি হয়নি। ট্রাম্প অভিযোগ করেছেন, তথ্যচিত্রের সম্পাদনা তার মুখ থেকে আসা কথাকে পরিবর্তন করেছে এবং এটি প্রতারণামূলক।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ঘটনার আগে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে বলেছেন, “আমরা ক্যাপিটল হিলের দিকে যাবো এবং আমরা আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ যোগাবো।” তথ্যচিত্রের ক্লিপে তার বক্তব্য বিকৃতভাবে দেখানো হয়েছে, যা ট্রাম্পের অভিযোগের কেন্দ্রবিন্দু।
