যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র ‘প্যানোরামা’-য় তার বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পরও ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো।” তিনি আরও জানান, এই বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন।
সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার অংশ এমনভাবে সম্পাদনা করেছিল, যাতে দর্শকদের কাছে মনে হতে পারে যে ট্রাম্প সহিংসতা উসকে দিচ্ছেন বা আহ্বান জানাচ্ছেন।
বিষয়টি সামনে আসার পর ব্যাপক সমালোচনার মুখে বিবিসি ক্ষমা চেয়েছে। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানান যে ‘প্যানোরামা’ অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে বিবিসি নিশ্চিত করেছে যে, এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না।
বিবিসি এক বিবৃতিতে বলেছে, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।”
এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেছেন।
এর আগে, এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করে বলেছিলেন যে, বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এবার সেই হুমকি বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট।