২০০৯ সালের বিডিআর বিদ্রোহে দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যাকাণ্ড মামলায় কারাবন্দি ৯ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ক-২ থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি এই ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ তা যাচাইবাছাই করে নিশ্চিত হওয়ার পর বুধবার তাদের মুক্তি দেয়।
তিনি আরও জানান, একই মামলায় আরও চারজনের জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। সেগুলোও যাচাইবাছাই করা হচ্ছে এবং সব ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদেরও কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।