বিজয় দিবসে বিটিভির বিশেষ নাটক ‘মানচিত্র’
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় রাত ৯টায় দর্শকদের জন্য থাকছে বিশেষ নাটক ‘মানচিত্র’, যা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মানুষের সংগ্রাম-আবেগ, আত্মত্যাগ ও ভালোবাসার গল্প ফুটিয়ে তুলেছে। নাটকটি রচনা করেছেন কাজী আসাদ এবং প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুল, বাবুল আহমেদ, আবদুর রহমান, উদয় খান, আমিরুল ইসলাম জনি, বিএম আজাদ, আসমা শিউলি ও হুমায়ূন কাবেরী।
নাটকের কাহিন্য শুরু হয় ১৯৭১ সালে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সজল ২৫ মার্চের পর শহর ছেড়ে গ্রামের বাড়ি যশোর চলে যায়। গ্রামে গিয়ে তার কিশোরবেলার ভালোলাগা বকুলের সঙ্গে সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। সজল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের নৃশংসতা দেখে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
যুদ্ধ চলাকালীন বকুল তাকে জানায়, যশোর থাকতে না পারলে তারা চৌগাছায় নানাবাড়িতে চলে যাবে। সজল যখন যুদ্ধে যায়, বকুলের সঙ্গে তার দীর্ঘ সময় যোগাযোগ হয় না। একদিন সজল চৌগাছায় গিয়ে বকুলের সঙ্গে দেখা করে এবং তাকে দেশের মানচিত্রখচিত একটি পতাকা উপহার দেয়। পাকিস্তানি বাহিনীর দোসররা জানতে পারে যে নানাবাড়িতে মুক্তিযোদ্ধা উপস্থিত। তারা হাজিবাড়িতে আক্রমণ চালায়।
বকুল তার বাবাকে রক্ষা করতে গেলে পাকিস্তানি বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বকুল দৌড়ে ঘরে চলে যায়, কিন্তু পাকবাহিনী ঘরে প্রবেশ করে এবং মানচিত্রখচিত পতাকা দেখে মনে করে মুক্তিযোদ্ধা রয়েছে। এলোপাতাড়ি গুলিতে বকুল ও তার বাবা শহীদ হন। আজও সজল মনে করেন, বকুলকে দেখার সময় মানচিত্রখচিত পতাকা দেওয়া তার ঠিক সিদ্ধান্ত ছিল না। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।
