Home খেলাবাবা-মায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন বেকহ্যামের ছেলে

বাবা-মায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন বেকহ্যামের ছেলে

by Akash
০ comments

বিখ্যাত বেকহ্যাম পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন ব্রুকলিন পেল্টজ বেকহ্যাম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পরিবারের সঙ্গে আর সমঝোতায় যেতে চান না। ইনস্টাগ্রামে দেওয়া একাধিক পোস্টে তিনি বাবা স্যার ডেভিড বেকহ্যাম ও মা ভিক্টোরিয়া বেকহ্যামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

ব্রুকলিনের দাবি, তার বাবা-মা ও তাদের টিম গণমাধ্যমে তাকে ও তার স্ত্রী নিকোলা পেল্টজ বেকহ্যামকে ‘আক্রমণ’ করেছে এবং তাদের সম্পর্ক নষ্ট করার জন্য ‘অবিরাম চেষ্টা’ চালিয়েছে। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নানা জল্পনার পর এটাই তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

তিনি জানান, এত দিন বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন নিজের কথা নিজেকেই বলতে হচ্ছে। ইনস্টাগ্রামে ১ কোটি ৬০ লাখ অনুসারীর উদ্দেশে ২৬ বছর বয়সী ব্রুকলিন লেখেন, ‘আমি বছরের পর বছর চুপ থেকেছি এবং সব সময় চেষ্টা করেছি এসব বিষয় গোপন রাখতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা-মা এবং তাদের টিম বারবার সংবাদমাধ্যমে কথা বলেছে। ফলে নিজের হয়ে কথা বলা এবং ছাপা হওয়া কিছু মিথ্যার সত্য তুলে ধরা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আর সমঝোতা করতে চাই না। আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে না। জীবনে প্রথমবারের মতো আমি নিজের পক্ষে দাঁড়াচ্ছি।’

সাম্প্রতিক সময়ে বাবা-মা কীভাবে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য গণমাধ্যমে একের পর এক ‘মিথ্যা’ ছড়াতে পারে, তা তিনি নিজ চোখে দেখেছেন বলেও দাবি করেন ব্রুকলিন। তার ভাষায়, ‘বেশির ভাগ সময়ই এতে নিরীহ মানুষদের ক্ষতি হয়। তবে আমি বিশ্বাস করি, সত্য শেষ পর্যন্ত বেরিয়েই আসে।’

এ বিষয়ে স্যার ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে এখন পর্যন্ত তারা পারিবারিক এই বিরোধ নিয়ে কোনো মন্তব্য করেননি বা দ্বন্দ্বের বিষয়টি স্বীকারও করেননি।

You may also like

Leave a Comment