বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের স্ত্রী আফরোজা বেগমের রাজধানীর গুলশানে দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভাটারা এলাকার তিন দশমিক ৩৭৭ একর জমিও জব্দের আদেশও দিয়েছেন আদালত।
দুর্নীতির অভিযোগ থাকায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দিয়েছেন।
দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বহুতল ভবনসহ এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানে ১০ সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থপাচার করে অবৈধ সম্পদের মলিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে। বিশ্বস্থ সূত্রে জানা যায়, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এ অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে।
এ জন্য অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত প্রয়োজন।
