Home সারাদেশবগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু: দগ্ধ আরও ৯ জন

বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু: দগ্ধ আরও ৯ জন

by thedeshbangla
০ comments

বগুড়ার শেরপুর উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৯ জন যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গগামী যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে আগুন ধরে যাওয়ায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হতাহতদের উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, ঘটনাস্থলে চালক দগ্ধ হয়ে মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারীর মৃত্যু হয়। দগ্ধ ৯ জনকে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

You may also like

Leave a Comment