ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় টানা বিক্ষোভ ও আন্দোলন চলছে। এ পরিস্থিতিকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক (ডিসি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।
সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি প্রতিষ্ঠান ও দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ফলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
হামলায় ভাঙ্গা হাইওয়ে থানার কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে। থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, হামলায় থানার একটি অ্যাম্বুলেন্স, তিনটি গাড়ি ও সার্জেন্টদের মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে টহল দেওয়ার মতো কোনো যানবাহন নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “যারা নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, ভাঙ্গার আসন বিভাজন নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে রিট হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর শুনানি হবে। তিনি আশা প্রকাশ করেন, আদালত ইতিবাচক সিদ্ধান্ত দেবেন। তবে মহাসড়ক অবরোধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেন।
ডিসি কামরুল হাসান মোল্লা সোমবার ইসির সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠিতে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে রাখার সুপারিশ করেন। তিনি উল্লেখ করেন, নতুন সীমানা ঘোষণার পর থেকেই স্থানীয়রা আন্দোলনে নেমেছেন, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেসবুকে ভাঙ্গাবাসীর পাঁচ দফা দাবি প্রকাশ করেন। দাবিগুলো হলো—
১. আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা,
২. আটক চেয়ারম্যানসহ অন্যদের মুক্তি,
৩. সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার,
৪. নতুন মামলা না দেওয়া,
৫. রাতের বেলায় প্রশাসনের হয়রানি বন্ধ করা।
বর্তমানে সেনাবাহিনী ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে টহল দিচ্ছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক যোগাযোগ স্বাভাবিক দেখা গেছে।
