আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সেই মিজানুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
জানা যায়, এর আগে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তারা বলেছিলেন, দৈবচয়নের ভিত্তিতে তারা যে ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাই করেন, তার মধ্যে ছয় জনের ঠিকানা সঠিক পাওয়া যায়নি এবং চারজনের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে মাত্র একজনকে ভেরিফাই করা যায়। পরে এই সমর্থকদের সশরীরে হাজির করা ও এফিডেভিট প্রদানের মাধ্যমে দেখা যায়, তারা প্রকৃতপক্ষে মিজানুর রহমানকে সমর্থন করেছেন। এই প্রমাণের ভিত্তিতে কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
উল্লেখ্য, মিজানুর রহমান ২০১৯ সালে তৎকালীন ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে তৈরি ‘শরবত’ খাওয়াতে গিয়েছিলেন। তারপর থেকে মিজানুর রহমান আলোচনায় আসেন। বিভিন্ন সময় তাকে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে।
