রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। উপস্থিত ছিলেন দুদকের আইনজীবীরাও।
মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন রেখে মিথ্যা হলফনামা ও বিধিমালা লঙ্ঘন করে তিনি পূর্বাচলে প্লট নেন। এ কাজ করতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আর্থিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ উঠে। একই ধরনের অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও আজ রায় ঘোষণা করা হবে।
তিন মামলার শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত রোববার বিচারক আজকের দিন ধার্য করেছিলেন।
এদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।