উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী এই পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোনো আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিবারের মধ্যে চলে আসছে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ির যে কোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ! শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে কোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা।
এভাবে দুই পরিবারের দ্বন্দ্ব এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে যায় যে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না! তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। আর এই দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। দুই পরিবারের এ রকম প্রতিযোগিতা নানা কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনও বেদনাদায়ক ঘটনাও ঘটে।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। নাট্যকার বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। বছরের প্রথম দিনে (আজ বৃহস্পতিবার) নতুন ধারাবাহিক নাটকটি প্রচার হবে মাছরাঙা টিভিতে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
পরিচালক সকাল আহমেদ বলেন, ‘আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে, তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
নির্মাতা জানান, আজ ১ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় ধারাবাহিকটি প্রচার হবে প্রতি রোব থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।
