খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গিয়ে ব্যবসায়ীদের প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি সরু গলি থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যদের সহায়তায় এবং খাগড়াছড়ি থেকে আসা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ৩৫টিরও বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন দ্রুত দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ায় পুরো বাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।”
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে, অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
