রাজধানীর তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকদের এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই প্রশাসক এই তথ্য জানান। বৈঠকে অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী ঢাকা শহরকে সচল করতে বারবার জোর দিচ্ছেন। সেই লক্ষ্যে ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় করে স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত অটোরিকশাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে চালকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনে অটোরিকশা মালিক ও চালক সমিতির সঙ্গে বসে ধাপে ধাপে এই সমস্যার সমাধান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা (টাইমফ্রেম) বেঁধে দিয়েছেন। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে রাজউক ও পুলিশ বিভাগের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং আগামী এক মাসের মধ্যে কাজের দৃশ্যমান অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করব।”
সমন্বিত এই উদ্যোগের ফলে ঢাকার স্থবির হয়ে পড়া ট্রাফিক ব্যবস্থায় দ্রুত গতি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুই প্রশাসক।
