Home সারাদেশঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধার

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধার

by thedeshbangla
০ comments

প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌ-রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ার ঘটনায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

সূত্র জানায়, গত সোমবার মধ্যরাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকার চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার দিকে যাত্রা শুরু করে। রাতের শেষ ভাগে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। পরদিন জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্টগার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ জানান, বিষয়টি জানার পরপরই কোস্টগার্ডের এর একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে যাত্রীদের উদ্ধার করে ভোলার ইলিশা ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। রাতে যাত্রীরা সেখানে অবস্থান করবেন। ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা হাতিয়াগামী এমবি ফারাহন লঞ্চে করে হাতিয়া যাবেন।

You may also like

Leave a Comment