ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, নগরীতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে, নির্ভরযোগ্য তথ্য দিয়ে অপরাধী গ্রেপ্তারে সহায়তা করলে তথ্যদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
বার্তায় আরো বলা হয়, নগরজুড়ে ছিনতাই ও চাঁদাবাজি রোধে জনসচেতনতা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই জনগণের দেওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য প্রদানে কয়েকটি মাধ্যমও নির্ধারণ করে দিয়েছে এসএমপি। ‘জিনিয়া অ্যাপ’ ব্যবহার করে সরাসরি তথ্য দেওয়া যাবে, পাশাপাশি এসএমপি হটলাইন ০১৩৩৯৯১১৭৪২ ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া ও আইসিটি) ০১৩২০০৬৭০৩৮ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
