Home রাজনীতিচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন খুরশেদ আলম বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন খুরশেদ আলম বাচ্চু

by The Desh Bangla
০ comments

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গোমস্তাপুরের আলোচিত রাজনৈতিক নেতা খুরশেদ আলম বাচ্চু। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার বাসিন্দা খুরশেদ আলম বাচ্চুর রাজনৈতিক যাত্রা শুরু বিএনপির রাজনীতি দিয়ে। দলীয় সমর্থনে তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হন এবং পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতির দায়িত্ব পান।

স্থানীয় সূত্র জানায়, খুরশেদ আলম বাচ্চু একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি পরাজিত হন এবং তার জামানত বাজেয়াপ্ত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন মুহা. জিয়াউর রহমান। বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করলে ওই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে খুরশেদ আলম বাচ্চুর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ বলেন, “খুরশেদ আলম বাচ্চু একসময় বিএনপিতে ছিলেন। সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। এখন তিনি এনসিপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব নজরুল ইসলাম বলেন, “খুরশেদ আলম বাচ্চু প্রাথমিক সদস্য পদ নিয়েই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আগে বিএনপির রাজনীতিতে ছিলেন—এটা জানি। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা নিশ্চিত নই।”

এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, “অন্য রাজনৈতিক দলের নেতারাও চাইলে এনসিপির ফরম সংগ্রহ করতে পারেন। ফরম তোলার ক্ষেত্রে কারও ওপর কোনো বিধিনিষেধ ছিল না। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।”

You may also like

Leave a Comment