সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ ও বিশ্বাসহীনতার অভিযোগ তুলে তার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা।
সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদনকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল সংসদের বিশেষ কমিটি। কিন্তু সেখানে সরকারের নিয়ন্ত্রণ বাড়ে এমন তিনটি সংশোধনী এনে আজ শুক্রবার বিল পাস করেছে জাতীয় সংসদ।
তবে পরে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো সংক্রান্ত তিনটি সংশোধনী যুক্ত করে শুক্রবার জাতীয় সংসদে বিলটি পাস করা হয়। বিল পাসের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, “এখানে সংশোধনী আনার মাধ্যমে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে। দিনদুপুরে, ছলচাতুরীর মাধ্যমে সংশোধিত আকারে বিলটি পাস করা হয়েছে।”
সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, “প্রস্তাবিত সংশোধনীগুলো একজন বেসরকারি সদস্যের মাধ্যমে আনা হয়েছে, সরকারের পক্ষ থেকে এসব সংশোধনী আনা হয়নি। প্রয়োজনে পরে এ বিলটি আবার সংশোধন করা যাবে।”
বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধীদলের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
এর আগে তিনবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় এমপিরা। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম, ১ এপ্রিল দ্বিতীয় বার এবং ৯ এপ্রিল তারা ওয়াকআউট করেন।
