Home অপরাধচট্টগ্রামে শিশুহত্যার অভিযোগে বাবা ও দাদি গ্রেপ্তার

চট্টগ্রামে শিশুহত্যার অভিযোগে বাবা ও দাদি গ্রেপ্তার

by thedeshbangla
০ comments

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পারিবারিক বিরোধের জেরে দুই বছর বয়সী আশরাফ বিন সামির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে বৌবাজার এলাকার একটি বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিশুটির বাবা মো. সজীব (২২) এবং দাদি নূর নাহার বেগম (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল রাতে বৌবাজার এলাকায় নিজ বাড়িতে শিশুটির মা শারমিন আক্তারের সঙ্গে সজীব ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরোধের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিশুটি গুরুতর আহত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু ঘটে।

শিশুটির মৃত্যু ‘অসুস্থতাজনিত’ দাবি করে দ্রুত দাফন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শারমিন আক্তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে আটকের চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment