Home আন্তর্জাতিকঘুমধুম সীমান্তে বাংলাদেশে ঢোকা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ৫ সদস্য আটক

ঘুমধুম সীমান্তে বাংলাদেশে ঢোকা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ৫ সদস্য আটক

by The Desh Bangla
০ comments

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পথ হারিয়ে বাংলাদেশে ঢোকার পর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪ সদস্য এবং সেনাবাহিনীর ১ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাছবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। বিজিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তারা। পথ হারিয়ে স্থানীয়দের কাছে আশ্রয় চাইলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: কো কো সাইন (৩৫), সেকেন্ড ইন্সপেক্টর, বিজিপি – শান রাজ্যের মোমেক শহর, সোয়েথুরা (৩৮), বিজিপি সদস্য – আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ, অং সান হতু (২৫), বিজিপি সদস্য – মাগাতুতাও, আয়াওয়ার্দি রাজ্য, কিয়াও জায়ের লিন (৩২), বিজিপি সদস্য – আয়াওয়ার্দি রাজ্য, মিন মিনও (৪১), জান্তা সেনাবাহিনীর সদস্য – ইয়াঙ্গুন রাজ্য।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, পাঁচজনই বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, আটকরা ভাঙা ইংরেজিতে জানিয়েছেন, মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের কারণে ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছেন।

ঘটনার পর ঘুমধুম সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার, অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

You may also like

Leave a Comment