Home আন্তর্জাতিকগ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষোভে ফুঁসছে ডেনমার্ক

গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষোভে ফুঁসছে ডেনমার্ক

by The Desh Bangla
০ comments

ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়া ইচ্ছা প্রকাশ করে এসেছেন। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবরই এর বিরোধিতা করে আসছে।

এদিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে লুইজিয়ানা রাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘গ্রিনল্যান্ড আমাদের (যুক্তরাষ্ট্র) জাতীয় নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝেন ল্যান্ড্রি। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবেন।’

এদিকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জেফ ল্যান্ড্রি এক্সে এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের। তার এই ভূমিকার প্রভাব লুইজিয়ানার গভর্নরের দায়িত্বে পড়বে না বলেও জানান তিনি।

অপরদিকে ট্রাম্পের এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হয়েছে ডেনমার্ক। তারা কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে বলে জানিয়েছে বিবিসি।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স ল্যোক্কে রাসমুসেন এই বিশেষ দূত নিয়োগকে গভীরভাবে হতাশাজনক বলে উল্লেখ করেন। তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেন।

ডেনমার্কের টিভি চ্যানেল টিভি ২-কে রাসমুসেন বলেন, ‘ডেনমার্ক, ফ্যারো দ্বীপপুঞ্জ এবং গ্রিনল্যান্ড নিয়ে যতদিন আমাদের একটি রাজ্য আছে, ততদিন আমরা আমাদের ভূখণ্ডগত অখণ্ডতা ক্ষুন্ন করে এমন কর্মকাণ্ড মেনে নিতে পারব না।’

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনও বলেছেন, ‘দ্বীপের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব। বিশেষ দূত নিয়োগে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডেরই। এই দ্বীপের আঞ্চলিক অখন্ডতাকে সম্মান দেখাতে হবে।’

তিনি বলেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেটি অবশ্যই কেবল পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

You may also like

Leave a Comment