কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের ব্যবহৃত সরকারি রাইফেলের গুলিতে মো. নাসিম উদ্দীন (২৪) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগতরাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।
নিহত বিজিবি সদস্য নাসিম উদ্দীন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, বিজিবির সিপাহী নাসিম উদ্দিন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়, পরে সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ‘বিজিবির সদস্যর ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে
