Home সারাদেশগফরগাঁওয়ে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

গফরগাঁওয়ে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

by thedeshbangla
০ comments

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে গতিরোধ করে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায়, তার বাসার কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১টার দিকে রবিন তার প্রতিবেশী ও বন্ধু শাকিবুল হাসানের (মাসুম) সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাকিবুল। তারা পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা শুরু করলে শাকিবুল দৌড়ে পালিয়ে যান। তবে রবিনকে ধরে লোহার রড দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আজ সকালে কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment