Home আন্তর্জাতিককাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

by Akash
০ comments

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আইয়ুব নামের ১ জন চীনের নাগরিক ও ৬ জন আফগানি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ জন।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এদিকে আইএসআইএল ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

জানা গেছে, রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আইএসআইএল সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, উইঘুরদের ওপর চীন সরকার নির্যাতন চালানোয় তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

উল্লেখ্য, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সেখানে প্রায় ১ কোটি উইঘুর থাকেন। 

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, উইঘুরতের ওপর ব্যাপক দমন-নিপীড়নমূলক কর্মকাণ্ড চালায় চীন সরকার। তবে তারা এসব দাবি অস্বীকার করে থাকে। 

চীন সরকারের দাবি, পশ্চিমারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায়।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, চীনা নুডলস বিক্রি করা রেস্তোরাঁটি আব্দুল মজিদ নামে এক চীনা নাগরিক তার স্ত্রী ও আব্দুল জব্বার মাহমুদ নামে অন্য এক আফগানির সঙ্গে যৌথভাবে চালাতেন।

You may also like

Leave a Comment