Home আন্তর্জাতিকএটি যুদ্ধের সমাপ্তি নয়; ‘আঙুল ট্রিগারেই’ আছে: মোজতবা খামেনি

এটি যুদ্ধের সমাপ্তি নয়; ‘আঙুল ট্রিগারেই’ আছে: মোজতবা খামেনি

by thedeshbangla
০ comments

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়; তাদের ‘আঙুল ট্রিগারেই’ আছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি চালানো বন্ধ রাখতে হবে। এটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে ইরান তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ তাদের বিবৃতিতে জানিয়েছে, তাদের আঙুল এখনো ট্রিগারের ওপরই রয়েছে এবং শত্রুপক্ষের সামান্যতম ভুলের জবাবও পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুদ্ধবিরতির পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ও প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনায় রেখেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ‘বিশেষ অনুরোধ’ গ্রহণ করে ইরানের ওপর ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ‘দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং এখন দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে যাচ্ছে। ইরান যদি শর্ত মেনে প্রণালীটি খুলে দেয়, তবেই এই দুই সপ্তাহ হামলা স্থগিত থাকবে।

You may also like

Leave a Comment