আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) বোয়ালমারী উপজেলার একটি ইউনিয়ন থেকে চারজন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনজন পৃথক তিনটি রাজনৈতিক দল ও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা হয়েছেন।
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়ন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. হাসিবুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে মো. শাহাবুদ্দিন আহমেদ। শাহ মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ শরাফাত এবং মো. শাহাবুদ্দিন আহমেদ উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা। শাহ জাফর ফরিদপুর-১ আসনের চারবারের সংসদ সদস্য। শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আর মোহাম্মদ শরাফাত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। এ ছাড়া মো. হাসিবুর রহমান চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক।
এ ব্যাপারে চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নটি রাজনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রেই এগিয়ে। এখানে অনেক গুণী মানুষ রয়েছেন। এ ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত।’
প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ৮ জন বিভিন্ন দল থেকে এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত), শাহ মোহাম্মদ আবু জাফর (জাতীয় ঐক্য ফ্রন্ট), মৃন্ময় কান্তি দাস (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি), মো. হাসিবুর রহমান (জাতীয় নাগরিক পার্টি), সুলতান আহম্মেদ খান (জাতীয় পার্টি), মুহাম্মদ খালিদ বিন নাছের (বাংলাদেশ কংগ্রেস), মোহাম্মদ শরাফাত (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. সামসুদ্দিন মিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ আরিফুর রহমান (স্বতন্ত্র), মো. আবুল বাসার খান (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন আহমেদ (স্বতন্ত্র), লায়লা আরজুমান বানু (স্বতন্ত্র), মো. গোলাম কবীর মিয়া (স্বতন্ত্র) ও মো. আব্দুর রহমান জিকো (স্বতন্ত্র)।
এ আসনে মোট জনসংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৭৭৮ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে নারী দুই লাখ ৫০ হাজার ৯৩০ জন, পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন; আর তৃতীয় লিঙ্গের একজন। এবার এ আসনে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯১৯ জন। আসনটিতে ১৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বোয়ালমারীতে ৭৮টি, মধুখালীতে ৭৯ টি এবং আলফাডাঙ্গায় ৪০টি ভোট কেন্দ্র রয়েছে।
